শতভাগ আবাসন অথবা আবাসন ভাতা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার একপর্যায়ে রাগান্বিত হয়ে যান। পরে স্থান ত্যাগ করার সময় ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
রবিবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। দুপুর দেড়টা থেকে ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
সরজমিনে দেখা যায়, আড়াই ঘন্টা অবরুদ্ধ থাকার পরে বিকাল ৫টায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে মেইন গেটে আসেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। এসময় উপস্থিত শিক্ষার্থীরা ৫ দফা দাবি পেশ করেন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে রাগান্বিত হয়ে যান উপাচার্য। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করলে উপাচার্য স্থান ত্যাগ করে চলে যাওয়ার চেষ্টা করেন। এসময় উপস্থিত শিক্ষার্থীরা উপাচার্যকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। পরে প্রশাসনিক ভবনের গেইটে পুনরায় তালা লাগিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে চবি উপাচার্যকে ভবনের সামনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে পুলিশের সহায়তায় স্থান ত্যাগ করেন উপাচার্য।
