নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০২:০৫ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

সিআইডির পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা খান মো. এরফান সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন জমা দেন। আজই এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, রবিবার রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানার পাকা সড়কে বিক্ষোভে যোগ দেন আসাদুল হক বাবু। সেসময় আসামিদের ছোঁড়া গুলি তাঁর বুক ও ডান পাশে লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের বাবা জয়নাল আবেদীন ওই বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিনকে ২২ নম্বর এবং তাঁর ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত