সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে ২০১৭ সালের পল্টন নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ আগস্ট) সকালে শহিদুল ইসলাম বাবুল মামলাটির আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করেন।
তার আইনজীবী নিহার হোসেন ফারুক জামিনের আবেদন করলেও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে তারা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন এবং ন্যায়বিচার পাওয়ার আশাবাদী।
২০২৩ সালের ২৩ নভেম্বর এই মামলার রায়ে এক ধারায় শহিদুল ইসলাম বাবুলকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অন্যধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা দেওয়া হয়। জরিমানা না দিলে তাকে আরও সাত দিন করে কারাগারে থাকতে হবে।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার সফর শেষে গুলশান ফেরার পথে দলের নেতাকর্মীরা পল্টনে সরকারবিরোধী বিক্ষোভ করে। তারা ভিআইপি রোড অবরোধ করে ভাঙচুরের চেষ্টা চালায়। এ ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়।
