সবাই এই যুদ্ধের অবসান চায়, ওয়াশিংটন যাওয়ার পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পিএম

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার বৈঠকে যোগ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক বিবৃতিতে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

বিমানে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় স্টারমার বলেন, ‘সবাই এই যুদ্ধের অবসান চায়—বিশেষ করে ইউক্রেনবাসী।’

তিনি জোর দিয়ে বলেন, ‘দীর্ঘস্থায়ী শান্তির জন্য আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন সঠিক সিদ্ধান্ত নিই—যা হবে ন্যায়সঙ্গত ও টেকসই।’

স্টারমারের মতে, ‘এই প্রক্রিয়ায় সঠিক পথে চলাটা যুক্তরাজ্যের স্বার্থেও গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘‘আজকের বৈঠক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক—যা দীর্ঘস্থায়ী শান্তির পথে অগ্রগতি তৈরি করতে পারে। ইউক্রেনের জন্য প্রয়োজন একটি ‘লোহার মতো শক্ত’ নিরাপত্তা নিশ্চয়তা।’’

তিনি আরও জানান, যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনের আকাশ ও সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে এবং সেনাবাহিনী পুনর্গঠনে আন্তর্জাতিক ‘ইচ্ছুক জোট’ ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে রেখেছে, এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, স্টারমার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য আলোচনায় যোগ দিতে যাচ্ছেন। ওই আলোচনায় আরও কয়েকজন ইউরোপীয় নেতাও অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত