দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের ভ্যাকসিন (অ্যান্টিভেনম) সরবরাহের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। অবিলম্বে ভ্যাকসিন সরবরাহ করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত জনস্বার্থে একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম নুরুন নবী উজ্জ্বল। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইসমাঈল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।
সাপের কামড়ে মৃত্যু ও উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনমের ঘাটতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত রবিবার হাইকোর্টে এ রিট আবেদনটি করেন অ্যাডভোকেট এ কে এম নুুরুন নবী উজ্জ্বল। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দেশে প্রতি বছর সাড়ে সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। বেশিরভাগ মৃত্যু হয় উপজেলা ও গ্রামাঞ্চলে। কিন্তু প্রতিষেধক বা অ্যান্টিভেনম সেখানে থাকে না। থাকে শহরে। ফলে সাপের কামড়ে অনেক মূল্যবান প্রাণ ঝড়ে যাচ্ছে। অথচ বিষয়টি নিয়ে বিশেষ কোনো উদ্যোগ নেই। যে কারণে হাইকোর্টের দারস্থ হয়েছি।’
