কাভার্ড ভ্যান উল্টে পড়ল প্রাইভেট কারে

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৫৮ এএম

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহত ব্যক্তিরা হলেন লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।

এসআই আনিসুর রহমান বলেন, নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। তারা লাকসাম এলাকায় যাচ্ছিলেন। ইউটার্ন নেওয়ার সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটির ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারে থাকা চারজন নিহত হন এবং সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী আহত হন। দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাপাপড়া প্রাইভেট কার থেকে মরদেহগুলো উদ্ধার করে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত : নীলফামারী সদরে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কচুকাটা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে নীলফামারীগামী দুটি বালুবোঝাই ট্রাক্টরকে অতিক্রমের সময় তার মোটরসাইকেলটি সামনের ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে উল্টে পড়েন তিনি। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ জানান, ঘটনার পরপরই ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত