স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:৫৫ এএম

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে হঠাৎ মধ্যরাতে বিক্ষোভ করেছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে অস্থায়ী ক্যাম্পাস গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে তারা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা।

এর আগে বিকেল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজিস্ট্রার নাইলা ইয়াসমিন স্বাক্ষরিত একটি নোটিস শেয়ার করা হয়। নোটিসে বলা হয়, গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রে অনার্স ১ম বর্ষের পরীক্ষা চলমান থাকায় ১৯৮০ সালের ৪২ নম্বর আইন অনুযায়ী ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ রাখা, ব্যক্তিগত ও পাবলিক পরিবহন প্রবেশ নিষিদ্ধ করা ও প্রয়োজন ছাড়া প্রবেশ সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়। এ ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা উপাচার্যের কার্যালয়, রেজিস্ট্রার ও বিভাগীয় অফিসসহ বেশ কয়েকটি অফিসে তালা ঝুলিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত