রাশিয়াকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২:৫৪ এএম

ইউক্রেন ইস্যু নিয়ে ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী দুই সপ্তাহের মধ্যে শান্তি আলোচনায় পর্যাপ্ত অগ্রগতি না হলে রাশিয়ার ওপর আবারও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর শুক্রবার সতর্ক করে ট্রাম্প বলেন, আমাদের পরবর্তী করণীয় বিষয়ে আমি একটি সিদ্ধান্ত নেব। সেটা হবে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হতে পারে তাদের (রাশিয়া) ওপর ব্যাপক নিষেধাজ্ঞা বা চড়া শুল্ক বা দুটোই চাপানো হবে। আবার এমনও হতে পারে, আমরা কিছুই করব না, আর তাদের বলব, তোমাদের লড়াই তোমরা লড়ো। সম্প্রতি রুশ হামলায় ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন কর্মী আহত হন। ওই ঘটনার জন্যও মস্কোর ওপর রুষ্ট হয়েছেন বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি এ হামলা নিয়ে, এমনকি যুদ্ধের কোনো কিছু নিয়েই একদম সন্তুষ্ট নই।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, রাশিয়া তার সঙ্গে পুতিনের বৈঠক ঠেকাতে মরিয়া। তিনি বলেন, এই বৈঠকই যুদ্ধ শেষ করার একমাত্র উপায়। তারা যুদ্ধ শেষ করতে না চাইলে বৈঠক এড়ানোর অজুহাত খুঁজবে। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পুতিন বৈঠকে রাজি। তবে বৈঠকের কোনো আলোচ্যসূচি তৈরি হয়নি। শুক্রবার এ বিষয়ে ট্রাম্প বলেন, দেখা যাক, পুতিন ও জেলেনস্কি একসঙ্গে কাজ করতে পারেন কি না। তারা অনেকটা তেল আর ভিনেগারের মতো। এদিকে, একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পের প্রশংসা করে পুতিন বলেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে নতুন মোড় নিচ্ছে। এখন আমরা সুড়ঙ্গের শেষে আলোর রেশ দেখতে পাচ্ছি।

অন্যদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও তিনটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের তিনটি গ্রাম দখল করেছে। এতে তারা যুদ্ধরত এলাকায় কিয়েভের মূল প্রতিরক্ষা লাইনের আরও কাছাকাছি চলে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত