রাজধানীর গণপরিবহনকে সুশৃঙ্খল করতে ঢাকায় চলাচলকারী সব বাসকে একীভূত ব্যবস্থার আওতায় আনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বহুদিন ধরে রাজধানীর বাস পরিবহন কার্যত নিয়ন্ত্রণহীনভাবে চলছে। এর ফলে প্রতিদিন যাত্রীদের ভোগান্তির শেষ নেই—ট্রাফিক জট, দুর্ঘটনা, ভাড়ায় অনিয়মসহ নানা সমস্যায় তারা জর্জরিত। তুলনামূলকভাবে তরুণ ও সক্ষম যাত্রীরা কোনোরকমে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও প্রবীণদের জন্য এ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কঠিনতম।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঢাকার যানজটের অন্যতম প্রধান কারণ হলো অকার্যকর ও বিশৃঙ্খল রুটে চলাচলকারী বাস। এতে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন অপচয় হচ্ছে প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা।
প্রেস উইং জানায়, নতুন ব্যবস্থায় রাজধানীর সব বাস একটি একক কাঠামোর অধীনে চলবে। প্রতিটি কোম্পানিকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা প্রতিষ্ঠা, বাস সার্ভিসের মানোন্নয়ন এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থায় ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা হ্রাস পাবে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে এবং গণপরিবহন আরও কার্যকর হয়ে উঠবে।
ঢাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে
তত্ত্বাবধায়ক বাতিলের রায় পুনর্বিবেচনায় আজ ফের শুনানি