বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের ‘একপাক্ষিক, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন’ বলে অভিযোগ করেছেন। তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং অফিসিয়াল পেজ একের পর এক বন্ধ ও স্থগিত করা হচ্ছে বলেও দাবি তার। এছাড়া তার নাম, বক্তব্য বা ছবি প্রকাশ করা মাত্রই দলীয় পেজ, গণমাধ্যম এবং ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো অযৌক্তিকভাবে নিষিদ্ধ হওয়ার কবলে পড়ছে।
এমন পরিস্থিতিতে সোমবার (২৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডির বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ফেসবুক আইডি ও অফিশিয়াল পেজ রিমুভ–সংক্রান্ত একটি বিষয়ে তিনি (মামুনুল হক) সাধারণ ডায়েরি করেছেন। তাঁর পক্ষে দলের কয়েকজন এসে জিডিটি করেন।
বুধবার (২৭ আগস্ট) দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জিডিতে মাওলানা মামুনুল হক উল্লেখ করেন, ‘গত কয়েক মাস ধরে ফেসবুকে আমার নাম, বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে। ফলে আমার ব্যক্তিগত আইডি https://www.facebook.com/mawlanamamunulhaqueofficial এবং অফিসিয়াল পেজ https://www.facebook.com/MaulanaMamunulHaque একাধিকবার বন্ধ হয়ে গেছে। এতে আমি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি।’
তিনি আরও বলেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে তাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবরুদ্ধ করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার স্পষ্ট অপচেষ্টা। তিনি আইন মেনে থানায় জিডি করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারপূর্ণ সিদ্ধান্ত নেবে।
