বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৬:৩৩ এএম

বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনা ভারতে অফিস খুলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেব। আবার একাত্তরের মতো আমরা ইনশাআল্লাহ ফিরে যাব।’ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপসহীন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। হাফিজ বলেন, ‘পাঁচ-ছয়জন ব্যক্তি কেউ আমেরিকা থেকে এসেছেন, কেউ লন্ডন থেকে এসেছেন, তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না এবং তাদের দু-চারজনের অভিমত কখনো সংবিধানের ওপরে অগ্রাধিকার পেতে পারে না। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং এ সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদের সজাগ হতে হবে।’ তিনি বলেন, ‘বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমরা এই পুরো জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। আমরা ছাত্রদের সামরিক প্রশিক্ষণ দেব। যাতে করে কোনো প্রতিবেশী রাষ্ট্র অন্য কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে। ছয় কোটি লোকের দেশ মিয়ানমার, ১৮ কোটি লোকের দেশ বাংলাদেশের ওপরে হামলা করতে চায়। ১১ লাখ রোহিঙ্গা আমাদের ওপর তারা চাপিয়ে দিয়েছে।’

হাফিজ বলেন, ‘আজকে আমাদের প্রয়োজন ঐক্য। আজকে নানা ধরনের কথা শোনা যায়। জামায়াতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া মন্ত্রিসভা স্থান দিয়েছেন। আজকে তার প্রতিদানে তারা কী বলছে? গুই সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ এজন্য কী এদের মন্ত্রী বানিয়েছিলাম আমরা। তাদের কেন এই ক্ষোভ আমাদের প্রতি। ক্ষোভ এজন্য যে, কেন জনগণ বিএনপিকে সমর্থন করে?’

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সংবিধান যেকোনো সময়ে যেকোনো দল পরিবর্তন করতে পারে। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা। বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ সেটিই হবে। কোনো অনির্বাচিত ব্যক্তির দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্র্বর্তী সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবেন বাংলাদেশের সংবিধান কেমন হবে।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, মজিবুর রহমান সারওয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত