২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ঠিক পথেই ছিল জিম্বাবুয়ে। শেষ ওভারে ১০ রান নিতে পারলেই ম্যাচ জেতা নিশ্চিত হয়ে যেত জিম্বাবুয়ের। তবে এমনটা হতে দেননি দিলশান মাদুশঙ্কা। শেষ ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক তুলে নিয়ে লঙ্কানদের ৭ রানের নাটকীয় জয় এনে দিয়েছেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি ৫২তম হ্যাটট্রিক।
বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। শূন্য রানেই তারা ২ উইকেট হারিয়ে ফেলে। এরপর শন উইলিয়ামস ও বেন কারেন গড়েন ১১৮ রানের জুটি। উইলিয়ামস ৫৭ ও কারেন ৭০ রান করেন। এরপর একপ্রান্ত আগলে ৮৭ বলে ৯২ রান করে ফেরেন সিকান্দার রাজা। তাকে দিয়েই শুরু করেন মাদুশঙ্কা। এর পরের দুই বলে ফেরান ব্র্যাড ইভান্স ও রিচার্ড এনগারাভাকে। ম্যাচে ৬২ রানে নিয়েছেন ৪ উইকেট। এর বাইরে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ফার্নান্দো ৩টি ও কামিন্দু মেন্ডিস নেন একটি উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কার ৯২ বলে ৭৬, জানিথ লিয়ানাগের ৪৭ বলে অপরাজিত ৭০ ও কামিন্দু মেন্ডিসের ৩৬ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসে বড় পুঁজি পেয়ে যায় শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের হয়ে দুটি উইকেট নেন এনগারাভা। আর একটি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি, ট্রেভর গুয়ান্ডু, রাজা ও উইলিয়ামস। দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। সিরিজের শেষ ওয়ানডে রবিবার।
