সালাহউদ্দিন আহমেদ বললেন

বিএনপি ক্ষমতায় গেলে গুমের সংস্কৃতি বন্ধ করবে

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:৩১ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি বন্ধ করা হবে।’ গতকাল শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে ‘মায়ের ডাক’-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ১ হাজার ৮৫০ জন গুমের শিকার হয়েছে। এর মধ্যে ৩৫০ জন এখনো ফেরত আসেনি। কাউকে যেন ছবি নিয়ে স্বজনদের খুঁজতে রাস্তায় দাঁড়াতে না হয়, সে বিষয় নিয়ে কাজ করবে বিএনপি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য গুমের মতো ঘটনা ঘটিয়েছিল।’ এ সময় নির্বাচনী রোডম্যাপ নিয়ে তিনি বলেন, ‘বর্তমানে সব দলের মধ্যে ঐক্য ফাটলের চেষ্টা করছে একটি মহল। তাই তারা নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করছে। অনেকে আবার কমিশনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত না জানিয়ে ষড়যন্ত্র শুরু করছে। বলছেন, এই রোডম্যাপে নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে জবাবদিহির সংস্কৃতি তৈরি হবে। তাই দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমি আহ্বান জানাব, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এ দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, তখন এই রাস্তায় যেন আমরা কোনো কাঁটা না বিছাই, এই আহ্বান সব রাজনৈতিক দলের কাছে আমি রাখছি।’

‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন, জাতিসংঘের আবাসিক অফিসের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, এবি পার্টির নাসরিন সুলতানা মিলি, বিএনপির মাহাদী আমিন, গুমবিষয়ক গবেষক মাহমুদ রাকিব, গুম হওয়া সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী, আনিসুর রহমান তালুকদার খোকন, মাইকেল চাকমাসহ গুম হওয়া পরিবারের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত