শখের মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের 

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৫:০৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার রামপুর রাস্তার মাথা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে মো. শাহীন (২১)। আহত ইউনুছ (২৫) একই উপজেলার মুহুরীগঞ্জ এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, শাহীন এসির মেকানিক হিসেবে শহরের একটি সেন্টারে কাজ শিখছিলেন। ইউনুছও একই সেন্টারে এসি মেরামতের কাজ শিখছিলেন। শাহীন প্রতিদিনের মতো শখ করে কেনা মোটরসাইকেল নিয়ে ফেনী যাওয়ার পথে সকাল দশটার দিকে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তবে ঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে আশপাশের কেউ বলতে পারছে না। আহত ইউনুসের এখনও জ্ঞান ফিরেনি। তার সঙ্গে কথা বলা গেলে ঘটনার কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত