গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩ দফা দাবি দিয়েছে দলটি। সেই দাবির মধ্যে অন্যতম বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করা জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। সেই দাবির সাথে সহমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অন্য দুটি দাবি হলো, আজ শনিবারের মধ্যে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা এবং গতকালের হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিকালে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে দাবিগুলো তুলে ধরেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যরা বক্তব্য দেন।
এদিকে শনিবার সন্ধ্যায় নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ তাহেরসহ ৮ সদস্য প্রতিনিধি দল। এসময় নুরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সাথে কথা বলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নুরের ওপর হামলার এই ঘটনার পিছনে কোন দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে এবং সরকারেই এটি উদঘাটন করতে হবে।
তিনি বলেন, শুক্রবার রাতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকা দেখলাম, এটি আগের সরকারের আমলের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নুরকে চিনেই আক্রমণ করেছে। এতে আগের প্রস্তুতি ও ষড়যন্ত্র ছিল। অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা সরকারের দেখতে হবে। এই ঘটনার মদদদাতাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়ার কথা ছিল তা সরকারের পক্ষ থেকে দেখছি না। আমরা এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। গণঅধিকার পরিষদ যে দাবি জানিয়েছে, আওয়ামী লীগের সহযোগীদের নিষিদ্ধের ব্যপারে, আমরা তার সাথে সহমত।
ডা. তাহের বলেন, ভারতের দালালদের আমরা যেভাবে মোকাবিলা করেছি, এখন যদি সেরকম করতে হয় তাহলে এ সরকাররে অনেক সমস্যা পোহাতে হবে। হামলার এই ঘটনার বিষয়ে আমরা আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করব।
আহত নুরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো আহ্বান জানান তিনি।
