৬ টেস্ট ক্রিকেটার নিয়েও যা-তা অবস্থা ‘এ’ দলের

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১২:৩৭ এএম

১১ জন ক্রিকেটারের মধ্যে ৬ জনেরই আছে জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা। এমন একটি ‘এ’ দল গড়ে মাহিদুল ইসলাম অংকনের নেতৃত্বে ডারউইনে অস্ট্রেলিয়ার রাজ্য দল সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে। মূল লক্ষ্যটি ছিল আগামী বছরের আগস্টে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলার প্রস্তুতি। কিন্তু রাজ্য দলটির কাছে রীতিমতো বিপর্যস্ত হতে হয়েছে ‘এ’ দলকে। চার দিনের ম্যাচে মাত্র আড়াই দিনেই ইনিংস ও ১২ রানে হেরে গেছেন অংকনরা।

গতকাল বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৪ রানে। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১১৪ রানে গুটিয়ে গিয়েছিল সফকারীরা। প্রথম ইনিংসে ৬৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ দশম উইকেট জুটির ৪৮ রানের কল্যাণে রান তোলে ১১৪। বোলাররাও বিশেষ কিছু করতে পারেননি। জেসন সাংঘার সেঞ্চুরিতে সাউথ অস্ট্রেলিয়া করে ফেলে ৩৮০ রান। ১৪৩ রানের ইনিংস খেলেন জেসন। তিনটি করে উইকেট শিকার করেন পেসার এনামুল হক ও স্পিনার হাসান মুরাদ।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আড়াইশ পার করলেও ইনিংস হার এড়ানো যায়নি। দ্বিতীয় ইনিংসেও ফিফটি করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা দীপু করেন সর্বোচ্চ ৪৯ রান। টেস্ট দলে জায়গা হারানো ওপেনার মাহমুদুল হাসান জয় প্রথম ইনিংসে ১৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন কেবল ৪ রান। আরও দুই টেস্ট ব্যাটার ইয়াসির আলী রাব্বি ৩৬ ও অংকন করেন ৩২ রান। দ্বিতীয় ইনিংসে মুরাদের ব্যাটে আসে ৪২। নাঈম হাসান ও হাসান মাহমুদও খেলেছেন চারদিনের এই ম্যাচ। অফ স্পিনার নাঈম ৮৯ রান দিয়ে পান ১ উইকেট, হাসান ২ উইকেট নেন ৬৮ রান খরচায়। সব মিলিয়ে বাংলাদেশ ‘এ’ দলের এবারের অস্ট্রেলিয়া সফর মোটেও সুখকর হলো না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত