ডুমুরিয়া উপজেলায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে টাকা খুইয়ে গণেশ মণ্ডল (৫৫) নামে একজন শিক্ষক আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ আগস্ট) রাতে ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গণেশ খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার দুটি সন্তান রয়েছে। ভিনদেশি প্ল্যাটফর্ম ‘ওয়ান এক্স বেট’ এর লোভনীয় অফারের ফাঁদে পড়ে সে বিপুল টাকা খুইয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, শিক্ষকতার পাশাপাশি তিনি ব্যবসা করতেন। গত দুই বছর ব্যবসায় অনেক টাকার ক্ষতি হয় তার। যার কারণে বিভিন্ন সমিতি ব্যাংকসহ স্থানীয় সুদে মহাজনের নিকট কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। এর সঙ্গে যোগ হয় ‘ওয়ান এক্স বেটে’ খোয়ানো টাকা। সবমিলে গণেশ মণ্ডল কোটি টাকারও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েন।
তার স্ত্রী ছন্দা মণ্ডল বলেন, সবসময় টেনশন করতেন। গত শনিবার সকালে শাহপুর এলাকার বন্ধু কল্যাণ সমবায় সমিতির কয়েকজন লোক এসে ঋণের টাকা চেয়ে নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে গেছে। রাতের খাবার খেয়ে একসাথে ঘুমাই। মাঝরাতে তিনি উঠে ঘরের দরজা বাইর থেকে আটকে দিয়ে অন্যঘরে গিয়ে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। সে ঋণের টাকা পরিশোধ করে দেবে সবাইকে বলেছিল। কিন্তু তারপরও বেপরোয়া চাপ দেওয়া হয় তাকে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, প্রধান শিক্ষক গণেশ মণ্ডলের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রবিবার সকালে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাড়িতে মরদেহ এনে সৎকার করা হয়েছে।
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পবিপ্রবি বাবুগঞ্জ ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন
নিহত অলির কন্যার বিয়ে সম্পন্ন করলেন তারেক রহমান 