নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে সংশয় বিএনপির

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ এএম

নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির দাবি, প্রশাসনের বিভিন্ন স্তরে কমিশনের স্বাধীনতা ব্যাহত করার মতো দোসররা বসে আছে, যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুই নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ।

রিজভী আহমেদ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে এখনো সংশয় আছে। আসলে এটা কতটুকু হওয়া সম্ভব, কতটুকু করা যায় সেই প্রশ্ন রয়েছে। এ নির্বাচন কমিশনের সেই সক্ষমতা আছে কি না, সে বিষয়গুলো জানতে চেয়েছি। তারা পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা জানিয়েছেন। আমরা এও জানি, প্রশাসনের বিভিন্ন স্তরে একটি গোষ্ঠী বসে আছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে না করা যায়, সেজন্য নানা ধরনের কলাকৌশল ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের সঙ্গে তারা যুক্ত রয়েছে। সব মিলিয়ে আমাদের জানতে চাওয়া ছিল গোষ্ঠীটি এখানে কী ধরনের অবস্থান করছে বা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না।

তিনি বলেন, আমাদের আলোচনায় প্রবাসীদের ভোটাধিকার বিষয়টি ছিল। আমরা জানতে চেয়েছি প্রবাসীরা কি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তারা কাজ করছেন। এ ছাড়া, সীমানা পুনর্নির্ধারণের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও কমিশনের বক্তব্য আমরা শুনেছি। তবে আমরা কোনো নির্দিষ্ট আসন বা এলাকা নিয়ে জানতে চাইনি। আমরা সামগ্রিক প্রস্তুতির বিষয়েই জানতে এসেছিলাম।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জানতে চাইলে বিএনপির এ নেতা বলেন, আমরা নির্দিষ্ট কিছু বলিনি। এখানে ব্যক্তিগতভাবে যারা রাজি হচ্ছেন, তাদের কাছ থেকে কমিশন ব্যক্তিগত শুনানি নিচ্ছেন। জনসংখ্যা ও প্রশাসনিক একক এ দুই বিষয়ে সমন্বয় রেখেই কাজ করছেন বলে তারা জানিয়েছেন।

সম্প্রতি জাতীয় পার্টির নিবন্ধনের বিষয় ও গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে রিজভী বলেন, আমরা মনে করি এটা নির্বাচন কমিশন কারও রেজিস্ট্রেশন নিবন্ধন করা, না করা, কী প্রক্রিয়ায় করবেন, না করবেন সেটার সামগ্রিকভাবেই সংবিধান কর্তৃক তার যে ক্ষমতা আছে; সেই ক্ষমতার আলোকে তারা সেটা বিবেচনা করে। তাদের ক্ষমতায় তারা সেই দায়িত্বটা পালন করবে। এটা নির্বাচনের অন্তরায় নয়। এটি বিচ্ছিন্ন ঘটনা। প্রতিবেশী দেশ ভারতেও এমন ঘটনা ঘটে, কিন্তু তাতে গণতন্ত্র ব্যাহত হয় না।

তিনি বলেন, তবে নুরের ওপর হামলা নিন্দনীয়। তার রাজনৈতিক পরিচিতি আছে, তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। আমরা এর নিরপেক্ষ তদন্ত চাই এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

আগামী নির্বাচন এ কমিশনের অধীনে সুষ্ঠু হবে বলে বিএনপি বিশ্বাস করে কি না, জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, আমরা আশা রাখি, এ কমিশন একটি সুষ্ঠু, ইনক্লুসিভ এবং অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনা করতে পারবে। এখন পর্যন্ত তাদের আন্তরিকতার কোনো অভাব আমরা দেখিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত