আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ

শার্শায় বিএনপির ১৫ কর্মীকে কুপিয়ে-পিটিয়ে জখম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ এএম

যশোরের শার্শা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরুজ্জামান লিটন গ্রুপের ১৫ জন বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় বিএনপির হাসান জহির ও তৃপ্তি গ্রুপের সমর্থকরা। একজনের অবস্থা আশঙ্কাজনক। গত রবিবার রাতে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে এই হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার ও একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের জনি ও জিয়ার নেতৃত্বে ২৫-৩০ জন সমর্থক গত রবিবার রাত ৯টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাটিসোঁটা, লোহার পাইপ নিয়ে বিএনপি কর্মী আব্দুর রাজ্জাককে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় রাজ্জাককে বাঁচাতে বিএনপি কর্মী রুহুল আমিনসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারনে ভর্তি করে। জনির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ স্থানীয়দের।

আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক, রুহুল আমিন, টিটু, নাজমুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত