বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগপন্থি ১২ আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আইনজীবীরা হলেন বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারী আসলাম, সাবেক জিপি মো. মজিবর রহমান, বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বি, জুনায়েদ জুয়েল, ইমরান হোসেন, এম মজিবুল হক কিসলু, আমিরুল ইসলাম মিলন, আব্দুর রহমান খোকন, মো. নুরুল ইসলাম, হুমায়ুন কবির পল্টু এবং মো. মামুন মোল্লা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক মিছিল থেকে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় আসবাব ও বৈদ্যুতিক সরঞ্জাম ভাঙচুর, কার্যালয়ে অগ্নিসংযোগ এবং একাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার দুই বছর পর, গত ৩০ এপ্রিল এসএম নইমুল ইসলাম নামে এক ব্যক্তি (বরগুনা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে) বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ১৫৮ জনকে আসামি করে মামলা করেন। মামলায় আওয়ামী লীগপন্থি নেতা, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতার নামও রয়েছে।
