নড়াইলের নড়াগাতীতে উদ্ধার হওয়া অর্ধগলিত অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত ওই নারী মুন্নি খানম (২০)। তিনি নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামের প্রবাসী শিমুল মিনার কন্যা। গত ২৯ আগস্ট রাতের কোনো এক সময়ে তিনি বাবার বাড়ি থেকে নিখোঁজ হন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াগাতী থানার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা দুর্গন্ধ পাওয়ার পর ডোবায় থাকা কচুড়িপানার মধ্যে লাশ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। পরে নড়াগাতী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবারের তথ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে খুলনা জেলার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয়ের সঙ্গে পারিবারিকভাবে মুন্নি খানমের বিয়ে হয়। গত শুক্রবার (২৯ আগস্ট) সকালেই তিনি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি নড়াগাতীর নলামারা গ্রামে বেড়াতে আসেন। সেই রাতে বাড়ির উঠান থেকে তিনি নিখোঁজ হন। স্বজনরা তাকে খুঁজে বের করতে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালান, কিন্তু কোনো ফল মেলেনি। এরপর ১ সেপ্টেম্বর নড়াগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ‘মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ দুজন নিহত