পতিত আওয়ামী সরকারের প্রজ্ঞাপন বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশের ২৫টি পাটকল চালু, সব পাওনা পরিশোধসহ আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বন্ধ করা পাটকলের শ্রমিকরা। খুলনার খালিশপুরে ক্রিসেন্ট জুট মিলগেটে অর্ধবেলা (সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত) এ কর্মসূচি পালন করেন তারা।
খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রীয় পাটকল রক্ষা কমিটির আয়োজনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন রাষ্ট্রীয় পাটকল রক্ষা কমিটি খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. শমসের আলম, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা আবুল কালাম জিয়া, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস ও শ্রমিক নেতা ওমর ফারুক।
কর্মসূচিতে বক্তারা অবৈধ প্রজ্ঞাপন বাতিল, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সব পাটকল চালু, শ্রমিকদের বকেয়া পরিশোধ, পাটকলের যন্ত্রাংশ চুরি ও লুটপাটকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, পাটকল বন্ধের সঙ্গে জড়িত পাট মন্ত্রণালয় এবং বিজেএমসির কর্মকর্তাদের বিচারসহ আট দফা দাবি জানান তারা।
