রাজনৈতিক কারণে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আদায়-কাঁচকলায়। তবে দুই দেশের বহু ক্রিকেটারদের মাঝে সদ্ভাব বিরাজমান। চলতি মাসের শেষেই ভারত ও শ্রীলঙ্কায় বসবে আইসিসি উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের আসর। প্রথমবার বড় কোনো আসরে দেশকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় থাকা পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার আইডল কিন্তু মহেন্দ্র সিং ধোনি।
ভারতকে দুটি বিশ্বকাপসহ তিনটি আইসিসি ট্রফি জেতানো ধোনিকে আইডল মানেন অনেক ক্রিকেটার। তার কিপিংও বহু কিপারের কাছে আদর্শ। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী ফাতিমা সানা বলেন, বিশ্বকাপের মতো বড় আসরের আগে কিছুটা নার্ভাস হওয়া স্বাভাবিক। তবে অধিনায়ক হিসেবে আমি মহেন্দ্র সিং ধোনির থেকে প্রেরণা পাই। ভারতীয় দল ও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে তাকে অনুসরণ করে আসছি।’
পাকিস্তান দল অবশ্য তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এই পেস বোলিং অল-রাউন্ডার আরও বলেন, ‘মাঠের ভেতরে তার সিদ্ধান্ত, স্থিরতা এবং যেভাবে তিনি নিজের ক্রিকেটারদের পাশে থাকেন, সেখান থেকে শেখার অনেক কিছু আছে। আমি যখন নেতৃত্ব পেয়েছি, তখনই ভেবেছি আমাকে ধোনির মতো হতে হবে। তার অনেক সাক্ষাৎকারও আমি দেখেছি এবং অনেক কিছু শিখেছি।’
অবৈধ বেটিং অ্যাপ দিয়ে মানি লন্ডারিং; শিখর ধাওয়ানকে তলব
যুক্তরাজ্যে ধর্ষণ মামলায় বেকসুর খালাস পাকিস্তানি ব্যাটার হায়দার আলী