বিজয়নগরে অবরোধ

ঢাকা–সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে স্থানীয়রা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে চান্দুরা ডাকবাংলো এলাকায় এ কর্মসূচি শুরু হলে মহাসড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের চালক মুক্তার মিয়া বলেন, ‘সামনে আন্দোলন চলছে। সড়কে লোকজন বসে পড়ছে। প্রায় ৩ ঘণ্টা যাবৎ আটকে আছি। এদিকে প্রচণ্ড গরমে অসহ্য লাগছে।’

অবরোধে আটকে পড়া যাত্রী সাবিনা আক্তার বলেন, ‘তীব্র গরমের মধ্যে সড়কে জ্যামে আটকা পড়েছি। ছেলে মেয়ে নিয়ে খুবই বিপাকে পড়ে গেছি। কবে যে গাড়ি চলবে আল্লাহ ভাল জানেন।’

এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক পথচারীকে হেঁটেই গন্তব্যে ছুটতে দেখা গেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, চান্দুরা ডাকবাংলো এলাকায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এর কারণে পুরো মহাসড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেটে ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর–বিজয়নগর) আসন থেকে বিজয়নগরের দুটি ইউনিয়ন—চান্দুরা ও বুধন্তী—ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ) আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা ‘অখণ্ড বিজয়নগর রক্ষা’ দাবিতে সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত