রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলসের শ্রমিকরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় কারখানার সামনে মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। এতে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডে দেড় শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে, যা তাদের আর্থিক সংকট তৈরি করেছে। তারা বেতন না পেয়ে ঘরভাড়া পরিশোধ কিংবা স্থানীয় দোকানে ঋণ শোধ করতে পারছেন না। ফলে পরিবার চালানো প্রতিদিনের জন্য কঠিন হয়ে পড়েছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদের বেতন সম্পর্কে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বকেয়া বেতন পরিশোধ না করলে অবরোধ চলবে বলে জানান বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে কারখানার মালিক আবুল কালাম আগামীকাল বৃহস্পতিবার তিন মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত