দেশের চালবাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের প্রধান, বাংলাদেশ মেজর অটো ও হাস্কিং রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রশিদ এগ্রো লিমিটেডসহ কয়েকটি গ্রুপ কোম্পানির স্বত্বাধিকারী আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
তার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ, পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন আকিজ এসেনশিয়াল লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন। মামলা নং ১১, তারিখ: ০৯/০৯/২০২৫।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ে দেশের প্রথম সারির শিল্পগ্রুপ আকিজ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ এসেনশিয়ালের সঙ্গে কাঁচামাল সরবরাহের চুক্তি করেন আব্দুর রশিদ।
কিন্তু শর্ত ভঙ্গ করে মালামাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক ধাপে অগ্রিম বাবদ পাঁচ কোটি বাহাত্তর হাজার পাঁচশ ত্রিশ টাকা আত্মসাৎ করেন তিনি। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মালামাল সরবরাহে ব্যর্থ হওয়ায় আকিজ এসেনশিয়ালের স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং প্রতিষ্ঠানটি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে।
পরে পাওনা টাকা ফেরত চাইলে ক্ষুব্ধ হয়ে গত ৪ সেপ্টেম্বর আব্দুর রশিদ তোফায়েল হোসেনকে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় মামলার বাদী কুষ্টিয়া মডেল থানায় আব্দুর রশিদসহ তার সহযোগীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০/১০৯/৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, “শীর্ষ চালকল মালিক ও সমিতির নেতা হয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে।
বর্তমানে কুষ্টিয়া মডেল থানাতেই তার বিরুদ্ধে ১৯টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর আছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় প্রতারণা করে অর্থ আত্মসাতের অসংখ্য মামলা রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি এনআই অ্যাক্টে কয়েকশ কোটি টাকার ঋণখেলাপি ও চেক ডিজঅনার মামলাতেও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”
ওসি আরও বলেন, “এতো বড় একটি গ্রুপ কোম্পানির মালিক হয়ে তিনি বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। ওই টাকার ব্যবহার ও গন্তব্য নিয়েও তদন্ত করবে পুলিশ।”
চালু হলো নেপালের ত্রিভূবন বিমানবন্দর
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভা