লালমনিরহাটের পাটগ্রামে প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছেন ভারতের জলপাইগুড়ির তরুণী রিয়া মনি ওরফে রিংকি (২১)। তবে বাংলাদেশে এসে প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিপাকে পড়েছেন তিনি। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে নিয়েছে।
রিয়া মনি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি এলাকার বাসিন্দা আব্দুর রহিমের মেয়ে। তিনি ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবি নামে এক তরুণের সঙ্গে ফেসবুকে পরিচয় থেকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় বছর প্রেম করার পর রবি তাকে বাংলাদেশে আসার জন্য বলেন। এরপর গত শনিবার কলেজ থেকে বের হয়ে সীমান্তবর্তী এলাকায় দুই দিন অবস্থান করার পর মঙ্গলবার রাতে দালালের সহায়তায় কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।
পরে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের থানা পাড়ার বাসিন্দা আমিনুর রহমানের ছেলে রবির সঙ্গে দেখা করেন রিয়া মনি। তবে বাংলাদেশে আসার পর রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি অসহায় হয়ে পড়েন। শেষ পর্যন্ত আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেন ওই তরুণী।
রিয়া মনি সাংবাদিকদের বলেন, ‘ফেসবুকে পরিচয়ের পর দেড় বছর প্রেম করি। রবি আমাকে বাংলাদেশে আসতে বলে। আমি এসেছি শুধু তাকে বিয়ে করার জন্য। এখন সে বিয়ে করতে চাইছে না। আমি চাই প্রশাসন আমাকে সাহায্য করুক। রবিকে বিয়ে না করলে আমি আর কিছুই চাই না।’
এ বিষয়ে রবির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ভারতীয় তরুণীকে আমরা উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তিনি এখন পুলিশের হেফাজতে আছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’
