সুন্দরবনে অস্ত্রসহ ২ বনদস্যু গ্রেপ্তার, ৯ জেলে উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ এএম

সুন্দরবনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলিসহ বনদস্যু রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এ সময় বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করে তারা। গতকাল শুক্রবার ভোরে সুন্দরবনের আদাছগি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

এ সময় তল্লাশি চালিয়ে দুটি একনলা বন্দুক, দুটি তাজা গুলি, আটটি গুলির খোসা তিনটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন, নাসির মোল্লা ও মিন্টু সরদার। তাদের বাড়ি খুলনা জেলায়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, রমজান মোড়ল, শুক্কুর আলী শেখ, শামীম শেখ, হান্নান শেখ, আবু হুরাই, আজগার শেখ, আতাউর শেখ, জাফর মল্লিক ও ইউনুস শেখ। এদের বাড়ি খুলনার বিভিন্ন এলাকায়। এই জেলেরা গত ৩ সেপ্টেম্বর বনবিভাগের অনুমতি নিয়ে বনের ভেতরে মাছ শিকার করতে যান।

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন বলেন, সুন্দরবনের আদাছগি এলাকায় বনদস্যু রাঙ্গা বাহিনীর সদস্যরা বনের ভেতরে মাছ শিকার করতে যাওয়া কয়েকজন জেলেকে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রেখেছে এই গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলে। পরে তারা সেখানে তল্লাশি চালিয়ে দুটি একনলা বন্দুক, দুটি তাজা গুলি, আটটি গুলির খোসা, তিনটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তাদের হাতে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। এই বনদস্যুরা সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান রাঙ্গার দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। শুক্রবার বিকেলে খুলনার দাকোপ থানায় তাদের সোপর্দ করে অস্ত্র আইনে একটি মামলা করেছে কোস্ট গার্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত