রাজধানীর মিরপুরের কালশীতে দুর্বৃত্তের গুলিতে সুমন মিজি (৩২) নামে এক যুবক আহত হয়েছেন। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার বড় বোন লাভলী বেগমও (৪৫) ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
আহত সুমনের স্ত্রী মাহিমা আক্তার জানান, তাদের বাসা মিরপুর কালশীর ১১ নম্বর রোডে। তার স্বামী এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর কাজ করেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কালশী আদর্শনগর ২২ তলা বিল্ডিংয়ে পেছনে স্থানীয় সন্ত্রাসী ডাশা শরিফ, মাল্লা কবির, মশু মিয়াসহ ১৫-১৬ জন মিলে তার স্বামীকে মারধর করে। এক পর্যায়ে পেটের বাম পাশে গুলি করে। এ সময় লাভলি বেগমকেও তারা আঘাত করে।
মাহিমা জানান, মাল্লা কবির ইয়াবা ব্যবসায়ী এবং সন্ত্রাসী। কিছুদিন আগে সেনাবাহিনী তাদের আস্তানায় অভিযান দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার করে। লাভলীর ছেলে ও ছোটভাই সুমন সেনাবাহিনীকে তথ্য দিয়েছে বলে সেই ঘটনার পর থেকে সন্দেহ করত এবং তাদের পরবর্তীতে পেলে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। সেই ঘটনার জের ধরে শনিবার রাতে তাকে মেরে ফেলার জন্য গুলি করেছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত সুমনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। লাভলী চিকিৎসা শেষে বাসায় ফিরেছে। ঘটনাটি পল্লবী থানা পুলিশ তদন্ত করছে।
