দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান ও অবৈধ কার্যকলাপ দমনে নিয়মিত টহলের অংশ হিসেবে গত রবিবার বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ একটি পাচারকারী বোট এবং ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনীর জাহাজকে কাছে আসতে দেখে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় নৌবাহিনী ধাওয়া করে ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামের বোটটিকে আটক করে এবং এর ভেতরে থাকা ১১ জন পাচারকারীকে গ্রেপ্তার করে।
পরবর্তীকালে বোটটি তল্লাশি করে ১৫ হাজার কেজি আলু, ৭৫০ কেজি রসুন, ২,৫০০ কেজি ময়দা, ২,৫০০ কেজি মসুর ডাল, ১৪ হাজার ৪০০ পিস কোমল পানীয়, ৬০০ পিস গ্যাস লাইটার, ৮০০ পিস শেভিং ব্লেডসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
