সরকারি জমি দখল করায় ভারতীয় ক্রিকেটারকে আদালতের তিরস্কার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

'সেলিব্রেটি বলেই বিশেষ সুবিধা পাবেন এমন নয়।' গুজরাট হাইকোর্টে তৃণমূল কংগ্রেস এমপি ও ভারতের সাবেক অলরাউন্ডার ইউসুফ পাঠানের পিটিশন খারিজ করে এভাবেই মন্তব্য করেছেন বিচারপতি মউনা ভাট। আদালত তাঁকে ভাদোদরার সরকারি জমি দখলদার ঘোষণা করে অবিলম্বে অবৈধ দখল সরানোর নির্দেশ দিয়েছেন।

২০১২ সালে ভাদোদরায় নিজের বাংলোর পাশে প্রায় ৯৭৮ বর্গমিটারের প্লট ৯৯ বছরের জন্য লিজ নেওয়ার আবেদন করেন ইউসুফ পাঠান। নিজের আবেদনে ইউসুফ পাঠান জানান, তিনি ও তার ভাই সাবেক ভারতীয় ফাস্ট বোলার ইরফান পাঠান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ। তাই পরিবারের নিরাপত্তার স্বার্থে তাদের সেই জমি কেনার অনুমতি দেওয়া হোক। তার এই আবেদন পৌর কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে পাঠায়। কিন্তু ২০১৪ সালে সরকার সেই প্রস্তাব নাকচ করে দেয়। তবুও ইউসুফ পাঠন জমিটি দখল করে রাখেন, যা পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় গিয়ে সম্প্রতি হাই কোর্টের চূড়ান্ত আদেশে রূপ নেয়।

আদালত সর্বোচ্চ আদালতের নীতির উদ্ধৃতি দিয়ে জানায়, আইন ভঙ্গের ক্ষেত্রে জনসম্মুখে পরিচিত ব্যক্তিদের ছাড় দেওয়া সমাজে ভুল বার্তা দেয় এবং আইনের শাসনকে দুর্বল করে।“জাতীয় প্রতিনিধি ও জনসম্মুখের একজন ব্যক্তি হিসেবে ইউসুফ পাঠানের দায়িত্ব আরও বেশি। সেলিব্রেটিরা তাদের খ্যাতি ও জনপ্রিয়তার কারণে জনআচরণ ও সামাজিক মূল্যবোধে প্রভাব ফেলেন। আইনের তোয়াক্কা না করেও তাদের ছাড় দেওয়া সমাজে নেতিবাচক বার্তা দেয় এবং বিচারব্যবস্থার প্রতি জনআস্থাকে ক্ষুণ্ন করে।”

ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা ইউসুফ পাঠান কয়েকবছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলে পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয়তা পান। সেটাকে কাজে লাগিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকেটে বহরমপুর আসন থেকে সদস্য নির্বাচিত হন। ইরফান পাঠান অবসরের পর টিভি ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত