আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রথম চালান হিসেবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৩৭ দশমিক ৪৬০ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে।
বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শক সজীব সাহা জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ছয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এই ইলিশের প্রথম চালান ভারতে যায়। মান যাচাই করে ইলিশগুলো রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
প্রথম চালানে যে ইলিশগুলো পাঠানো হয়েছে, সেগুলোর রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। বাংলাদেশ থেকে ‘সততা ফিশ’, ‘স্বর্ণালি এন্টারপ্রাইজ’, ‘তানিশা এন্টারপ্রাইজ’, ‘বিশ্বাস ট্রেডার্স’ এবং ‘লাকি ট্রেডিং’ এই ইলিশ রপ্তানি করেছে। অন্যদিকে, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—‘ন্যাশনাল ট্রেডিং’, ‘এফএনএস ফিশ’, ‘জয় শান্তসী’, ‘মা ইন্টারন্যাশনাল’ এবং ‘আর জে ইন্টারন্যাশনাল’ এসব ইলিশ আমদানি করেছে।
রপ্তানিকারক সাইফুল ইসলাম বলেন, ‘ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ায় আমরা খুশি। এর মাধ্যমে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।’
ইলিশ রপ্তানি একসময় উন্মুক্ত থাকলেও, ২০১২ সালে উৎপাদন সংকটের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় সীমিত পরিমাণে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে। গত বছর ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ টন। এবার সরকার মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এবং আগামী ৫ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দিয়েছে মৎস্য অধিদপ্তর।
সাংবাদিকদের ওপর হামলা, সাতছড়ির রেঞ্জ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ছয় দাবিতে সাতরাস্তা অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের