কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুছ ভূঁইয়া বদলির নির্দেশ পাওয়ার পরও নতুন কর্মস্থলে যোগ দেননি। নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি এখনও কুমিল্লাতেই দায়িত্ব পালন করছেন।
যদিও পুলিশ সদর দপ্তর থেকে গত ২০ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে তাকে কুমিল্লা থেকে বদলি করে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পাঠানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, ৬ সেপ্টেম্বরের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগ না দিলে ৭ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে।
কিন্তু নির্ধারিত সময়ের এক সপ্তাহ পার হয়ে গেলেও শামীম কুদ্দুছ ভূঁইয়া দিনাজপুরে যোগ দেননি। এখনও কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ফোনে তিনি বলেন, ‘আমি কোনো কথা বলতে পারব না।’
এর আগে চলতি বছরের আগস্ট মাসে বিভিন্ন গণমাধ্যমে পরিবহন সেক্টরে চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশিত হয়। তবে এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করেছেন শামীম কুদ্দুছ ভূঁইয়া।
এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান বলেন, ‘জনস্বার্থে অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুছ ভূঁইয়াকে বদলি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
