এ বছরের দুর্গাপূজা কেন্দ্র করে কোনো ধরনের কোনো হামলার হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বুধবার বিকেলে রমনা কালীমন্দির পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনাদের আশ্বস্ত করতে চাই গতবারের চেয়েও এবার পূজা আরও ভালো হবে, উৎসবমুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান। এটার কিন্তু পবিত্রতাও বজায় রাখতে হবে। আপনারা কিন্তু স্যান্ডেল নিয়ে এটার ওপর উঠবেন না। এতে কিন্তু এটার পবিত্রতা নষ্ট হয়। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, সেহেতু সবাই রীতিনীতি মেনে আপনারা যার যার কাজ করবেন। আমি আশা করব পূজা খুবই নির্বিঘ্নে হবে এবং উৎসবমুখর হবে।’
গতবারের তুলনায় এবার পূজামন্ডপের সংখ্যাও বাড়ানো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ১৫ বছরে ২ কোটি টাকা করে সরকার দিত। গত বছর ৪ কোটি এবং এবার সরকার ৫ কোটি টাকা দিয়েছে। এরপরেও কোনো প্রয়োজন থাকলে আমরা দেখব। এ ছাড়া পূজা যেন নির্বিঘেœ হতে পারে এজন্য আমরা একটা অ্যাপও খুলেছি। কোথায় কী ঘটবে সেটা যেন সঙ্গে সঙ্গে জানা যায়। এবার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পূজা কমিটিকেও আমরা অনুরোধ করেছি, পর্যবেক্ষণ করার জন্য তাদেরও সাতজন লোক থাকবে।’
পূজার নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের আনসার থাকবে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, পুলিশ থাকবে, সঙ্গে তাদেরও নিজস্ব লোক থাকবে। ২৪ ঘণ্টা এটা পর্যবেক্ষণের মধ্যে থাকবে। পর্যবেক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে পরিচালনা পর্ষদ দিয়ে। কিছুদিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চলে আসবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ হলো এটার পবিত্রতা রক্ষা করবেন। এখানে শুধু হিন্দু ধর্মের লোক আসে না, সব ধর্মের লোক এটা দেখার জন্য আসে। এজন্য সবাই যেন ভালোভাবে দেখতে পারে, এটারও তারা ব্যবস্থা করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না।’
‘অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর’ : পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম বলেছেন, ‘আসন্ন দুর্গাপূজা নিরাপদে সুন্দরভাবে উদযাপিত হবে। পুলিশ পূজাম-পের নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে। পূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে।’ গতকাল বুধবার সকালে পুলিশ সদর দপ্তরে হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা-সংক্রান্ত সভায় এসব কথা বলেন আইজিপি।
বাহারুল আলম বলেন, দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রাক-পূজা, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী তিনস্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে পূজাকেন্দ্রিক পুলিশের নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে। তিনি এজন্য সবার সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পূজা উদযাপন পরিষদ নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়। পূজা চলাকালে সিসিটিভি সক্রিয় রাখা, প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করার জন্য পূজা উদযাপন পরিষদ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। দুর্গাপূজা চলাকালে অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তর ও অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে।
