পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দেবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। বর্তমানে শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশু। এ সময় অভিযুক্ত কিশোর তাকে খেলনা গাড়ি ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি হলুদ ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘আমি কাজে বাইরে ছিলাম। বাসায় ফিরে মেয়ের অবস্থার কথা জানতে পারি এবং দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করি। অভিযুক্তের পরিবার আমাদের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, ‘এজাহার পাওয়ার পরই একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’
