শ্রেয়ার কণ্ঠে থিম সং, আত্মবিশ্বাসী জ্যোতি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ এএম

নারী বিশ্বকাপের এবারের আয়োজক দেশ ভারত। শুক্রবার ঘটা করে এবারের বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে আইসিসি। আবেগ আর ঐক্যের বার্তার প্রতীক ‘ব্রিং ইট হোম’ গানটি গেয়েছেন বিখ্যাত ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। তবে রাজনৈতিক বৈরিতা ও অনৈক্যের জেরে এই আসরে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে খেলা। এই আসর দিয়ে দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। পাকিস্তানে হওয়া বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিগার সুলতানা জ্যোতির দল। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতি বিশ্বকাপ নিয়ে বলেছেন, ‘আমরা ভীষণ উচ্ছ্বসিত এবং আশাবাদী। এবার আমরা চাই সুযোগটিকে সার্থক করে তুলতে।’

গতবার অর্থাৎ ২০২২ বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ কেবলমাত্র একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল। সেটিকেই প্রেরণা হিসেবে নিয়ে এবার এগোতে চান জ্যোতি, ‘তিন বছর আগে নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার খেলার প্রথম অভিজ্ঞতাটি আমাদের দলের জন্য ছিল দারুণ। গতবার আমরা পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে আমাদের প্রথম জয় তুলে নিয়েছিলাম। এটি এমন এক ম্যাচ যা আমি কখনো ভুলব না।’ সেই বিখ্যাত জয়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে জ্যোতি আরও বলেন, ‘সেদিন ফারজানা পিংকি আমাদের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন, এবারও তিনি স্কোয়াডে আছেন। বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তিনি আমাদের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি আরেকজন শারমিন আক্তার সুপ্তা। বিশ্বকাপ বাছাইপর্বে আমাদের হয়ে সর্বাধিক রান করেছিলেন।’

নিজেদের শক্তিমত্তার কথাও বলেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের স্পিনাররাও সাফল্যের চাবিকাঠি। আমি আশা করি ভারতে ও শ্রীলঙ্কায় তারা পাকিস্তানের মতোই সাফল্য পাবে। নাহিদা আখতার আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটে সর্বোচ্চ উইকেটশিকারি এবং তিনি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’ বাংলাদেশের ২০২২ বিশ্বকাপ স্কোয়াড থেকে ৭ জন খেলোয়াড় আছেন ২০২৫ সংস্করণে। দলে ঘটেছে অভিজ্ঞতা ও নতুনদের উদ্দীপনার দুর্দান্ত মিশ্রণ। নিজেদের প্রস্তুতি নিয়ে জ্যোতি জানান, ‘গত কয়েক মাস আমরা কঠোর অনুশীলন করেছি এবং আশা করি এই দারুণ মুহূর্তে আমরা আমাদের সেরাটা দিতে পারব। আমি বাংলাদেশের জনগণ ও সারা বিশ্বের ভক্তদের কাছে দোয়া চাচ্ছি।’ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২ অক্টোবর কলম্বোয় নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত