দুর্গাপূজাকে সামনে রেখে আগামী বুধবার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেজন্য ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। তাছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি রয়েছে।
বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে সরকার এ বিষয়ে সজাগ ও সতর্ক রয়েছে এবং দুষ্কৃতিকারীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাদকসংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে। কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌরুটেও চাল ও সার চলে যাচ্ছে। এসব চোরাচালান প্রতিরোধে আমাদের বিজিবি, কোস্ট গার্ড ও নৌবাহিনী কাজ করে যাচ্ছে।
ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) খন্দকার মো. মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
