বড়লেখায়

বিদ্যালয়ের গেটে ঝুলছিল যুবকের লাশ 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম

মৌলভীবাজারের বড়লেখায় এমরান আহমেদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত এমরান দক্ষিণ সুজানগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।

পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের গেটে গলায় গামছা পেঁচানো অবস্থায় এমরানের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে এমরান একটি গামছা ও টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হন। মোবাইল ফোন রেখে যান বাড়িতেই। এরপর ভোরে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান এবং মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও পরিবার ও প্রিয়জনের অবহেলার কথা উল্লেখ করেন।

নিহতের বাবা খলিল উদ্দিন বলেন, আমার ছেলে রাতেই বাড়ি থেকে বের হয়। সকালে গিয়ে তার লাশ পাই। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, সেখানেই ইঙ্গিত পাওয়া গেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা সন্ধ্যায় বলেন, প্রথমে মৃত্যুর কারণ সন্দেহজনক মনে হয়েছিল। পরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আত্মহত্যা বলে ধারণা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত