স্বাধীন তথ্য কমিশন গঠন না হওয়ায় টিআইবির ক্ষোভ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ এএম

এক বছরেও কার্যকর ও স্বাধীন তথ্য কমিশন গঠন না হওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি অবিলম্বে তথ্য কমিশন গঠনের দাবি জানিয়েছে টিআইবি। ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০২৫’ উপলক্ষে গতকাল শনিবার বিবৃতি দিয়েছে সংগঠনটি। এতে বলা হয়, কর্তৃত্ববাদের পতনের পর থেকে দীর্ঘ এক বছরেরও বেশি সময় নতুন করে তথ্য কমিশন গঠন হয়নি। অনতিবিলম্বে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত ব্যক্তিদের কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে তথ্য কমিশনের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান করতে হবে। একই সঙ্গে ‘তথ্য অধিকার আইন-২০০৯’-এর প্রয়োজনীয় সংশোধন এবং তথ্য কমিশনকে সম্পূর্ণ রূপে ঢেলে সাজানোসহ কার্যকর স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করার যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, ‘রাষ্ট্র সংস্কারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হলেও তথ্য কমিশন কার্যকর করা ও তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে অন্তর্র্বর্তী সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। নাগরিক সমাজ এ ব্যাপারে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বিবৃতি প্রদানসহ অন্তর্র্বর্তী সরকারকে সুপারিশ প্রদান করার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’ তিনি বলেন, ‘জনগণের তথ্য জানার অধিকার রক্ষার প্রতি সরকারের এই দৃশ্যমান উদাসীনতা দুর্ভাগ্যজনক, যা এই সরকারের অন্যতম একটি ব্যর্থতা। সরকারের এ ব্যর্থতার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে কমিশন গঠনের আহ্বান জানাচ্ছি।’

ইফতেখারুজ্জামান বলেন, ‘জনগণ তথ্য চেয়ে আবেদন করলেও কমিশন না থাকায় এ-সংক্রান্ত অভিযোগগুলোর শুনানি হচ্ছে না, সমাধানও মিলছে না। তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণসহ তথ্য অধিকারবিষয়ক বিভিন্ন কার্যক্রমে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে, যা জনগণের তথ্যে অবাধ অভিগম্যতায় বাধা সৃষ্টি করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত