আমার হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম

তামিলনাড়ুর কারুর জেলায় তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের নির্বাচনি সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হন ৫১ জন। 

সমাবেশে এমন ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিজয়। 

বিজয় লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে, ভাষায় প্রকাশের অতীত যন্ত্রণা ও শোকে কাতর আমি। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

শনিবার (সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে বিজয়ের জনসভা অনুষ্ঠিত হয়। অনুমতি ছিল প্রায় ৩০ হাজার লোক সমাগমের, তবে স্থানীয় গণমাধ্যম জানায় ৬০ হাজারেরও বেশি মানুষ সেখানে ভিড় করে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ১ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। তিনি আরও জানান, ঘটনার কারণ অনুসন্ধানে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। জরুরি সেবার অংশ হিসেবে তিরুচিরাপল্লি ও সেলেম জেলা থেকে অন্তত ৪৪ জন চিকিৎসক কারুরে পাঠানো হয়েছে।

দীর্ঘদিনের সুপারস্টার হিসেবে বিজয়ের জনপ্রিয়তা তামিলনাড়ু রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ২০২৪ সালে দল গঠনের পর থেকে তিনি একের পর এক জনসভায় বিপুল জনসমাগম টানছেন। তার দল টিভিকে আগামী ২০২৬ সালের রাজ্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে এক্সে লিখেছেন, ‘কারুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক’। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত