ডিমলায় ট্রলির ধাক্কায় জামায়াত নেতা নিহত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

নীলফামারীর ডিমলায় ট্রলির ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তিস্তাপাড়ের গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৫ ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে।

নিহত মাওলানা রফিকুল ইসলাম (৬০)  ডিমলা উপজেলা খালিশাচাঁপানী ইউনিয়নের জামায়াতের সাবেক আমির ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদরাসার সহ সুপার এবং ডিমলা তিতপাড়া বড় জুম্মা জামে মসজিদের খতিব।

উপজেলা জামায়াতের আমির মওলানা মুজিবুর রহমান জানান, সকালে রফিকুল ইসলাম প্রতিদিনের মতো খালিশা চাঁপানী বুড়িরহাট নিজবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বেপরোয়া গতির অবৈধ বালু বোঝাই ট্রলি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে দিলে অবরোধ তুলে নেয় তারা।   

সোহেল রানা নামে এলাকার এক যুবকের অভিযোগ, ডিমলার তিস্তাপাড়ের তেলিরবাজার এলাকায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করে আসছে একটি চক্র। আর এই সব ট্রলি চলাচলের কারণে এলাকায় চলাচল অনিরাপদ হয়ে উঠছে। 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ফজলে এলাহী জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত