সাইফুজ্জামানসহ ৮ জনের বিরুদ্ধে আরও ১ মামলা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ এএম

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে ভয় দেখিয়ে ৪২ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলাসহ ৮ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা ইউসিবিএল মহাখালী শাখার গ্রাহক ও ব্যবসায়ী সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ই-ইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন কিস্তিতে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ নেন। ঘুষের অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হয়। এ অপরাধে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার আসামিরা হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, রুকমীলার কোম্পানি আরমিটের সহকারী মহাব্যবস্থাপক ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক মো. আব্দুল আজিজ, আরমিটের সহকারী মহাব্যবস্থাপক ও ক্লাসিক ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরমিটের কর্মচারী ও মডেল ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মিছাবাহুল আলম, ক্রিসেন্ট ট্রেডার্সের মালিক সৈয়দ নুরুল ইসলাম ও রেডিয়াস ট্রেডিংয়ের মালিক মো. ফরিদ উদ্দিন।

এর আগে বেস্ট গ্রুপের চেয়ারম্যান আমিন আহম্মেদ ও বেস্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উম্মে কুলসুমকে চাপ ও ভয় দেখিয়ে ৬০ কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ একটি মামলা করা হয়। এ ছাড়া থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে ভয় দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত