আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এ জন্য ইইউর সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, ইইউ দল একটি ড্রাফট দিয়ে গেছে। ড্রাফটা আমরা পর্যালোচনা করে সইয়ের ব্যাপারে এগোব। পর্যবেক্ষক দল তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবে।
নির্বাচন পর্যবেক্ষকের জন্য কেন এমওইউ প্রয়োজন হচ্ছে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, তারা বলেছেন এটা একটা ওনাদের এসওপি, সে অনুযায়ী আমাদের এমওইউয়ের একটা খসড়া দিয়ে গেছে। এমওইউয়ের খসড়ায় কী লেখা আছে প্রশ্নে সচিব বলেন, আপনি আপনার একটা জিনিস বোঝা উচিত, তিন মিনিট আগে এমওইউয়ের খসড়াটা পেয়েছি আমার স্মৃতিশক্তি এত ভালো না যে আমি এই জিনিসটাকে ফটোগ্রাফিক মেমোরি থেকে আপনাকে বলতে পারব। আমাকে একটু শ্বাস নেওয়ার জন্য সময় দেন। আমার সীমাবদ্ধতার জন্য ক্ষমা করবেন।
এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন সকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সহায়তা দিতে চায় যুক্তরাজ্য। এ ছাড়া পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষা কার্যক্রমেও সহায়তা করবে তার দেশ।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।
