জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি হবে ১৪ অক্টোবর। গতকাল সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এদিন ধার্য করে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ আমলে নিয়ে আদালত-পরবর্তী শুনানির জন্য ২৯ সেপ্টেম্বর (গতকাল) ধার্য করে। এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে।
প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা ৫ তারিখ (৫ অক্টোবর) শুনানির করতে চেয়েছিলাম। আদালত সেটি ৭ তারিখ করেন। পরে আসামিপক্ষের আইনজীবীর আবেদনে ১৪ অক্টোবর তারিখ ধার্য হয়েছে।’
ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে গত বছরের ৫ আগস্ট কুষ্টিয়ায় সাতজনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। অভিযোগগুলোয় সাক্ষী করা হয়েছে ২০ জনকে।
