যশোরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যসহ আটক ৪

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম

যশোরে পুলিশ পরিচয়ে ১৯ ভরি সোনা লুটের অভিযোগে পুলিশের এক জন কনস্টেবলসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আরও এক জন পুলিশ সদস্য জড়িত বলে জানতে পেরেছে পুলিশ।

যশোর ডিবি পুলিশের এসআই এসআই অলোক কুমার দে জানান, যশোরের রাজারহাটে সাতক্ষীরার জুয়েলারি ব্যবসায়ী সুধীর কুমার দাসের ১৯ ভরি স্বর্ণালঙ্কার লুট হয় গত ১৪ সেপ্টেম্বর।

লুটকালে দুর্বৃত্তরা তাদেরকে পুলিশ বলে পরিচয় দেয়। ২০ সেপ্টেম্বর এ ঘটনায় ঢাকা ও যশোর থেকে চার জনকে আটক করার পর জড়িত আরও কয়েক জনের নাম জানা যায়। এর সূত্র ধরে রোববার রাতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ কনস্টেবল রায়হানুল হকসহ চার জনকে আটক করা হয়। 

কনস্টেবল রায়হানুল হক সাতক্ষীরার দেবহাটা থানায় কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়ার মীরপুর উপজেলার আবুরী গ্রামের মল্লিকপাড়ার আয়ুব আলীর ছেলে।

আটক অপর তিন জন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাঠিয়া গ্রামের মৃত জানকিনাথ সরকারের ছেলে গৌরাঙ্গ সরকার, ইটাগাছা গ্রামের ঘোষপাড়ার গনেশ মজুমদারের ছেলে বিকাশ মজুমদার বাবু ও উত্তর পলাশপোল গ্রামের আনিচুর রহমানের ছেলে মাহিন রহমান শাওন। 


ডিবি পুলিশের একটি সূত্র জানায়, স্বর্ণ ডাকাতির সাথে পুলিশের আরো একজন সদস্য জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকেও আটকের চেষ্ট চলছে।

এসআই অলোক কুমার দে আরও জানান, আটক বিকাশ মজুমদার এক জন স্বর্ণ ব্যবসায়ী। তার মাধ্যমে ঘটনায় জড়িত অন্যরা জানতে পারেন সুধীর কুমার দাস যশোরে সোনা আনতে যাচ্ছেন। তিনি সোনার গহনা কিনে সাতক্ষীরায় ফেরার সময় যশোরের রাজারহাটে তার কাছ থেকে ১৯ ভরি সোনার গহনা লুট করেন অভিযুক্তরা।

আটক ৪ জনকে গত সোমবার আদালতে সোপর্দ করা হলে এর মধ্যে পুলিশ কনস্টেবল রায়হানুল হক ও তার সঙ্গী মাহিন রহমান শাওন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা তাদের জবানবন্দি গ্রহণ করেন। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এর আগে এ ঘটনায় উজ্জল হোসেন ও নিশান হোসেনকে গত ২০ সেপ্টেম্বর ঢাকা থেকে এবং যশোর থেকে মুসাব্বির হোসেন টুটুল ও রতন শেখকে আটক করা হয়। এদের মধ্যে উজ্জল হোসেন ও রতন শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের জবানবন্দিতে ডাকাতির সাথে জড়িত আরো কয়েক জনের নাম প্রকাশ পায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত