গাজার শিশুদের প্রতি খালেদা জিয়ার সহমর্মিতা

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:২৮ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানের বাসা ‘ফিরোজায়’ আসেন তিনি। প্রায় ৪৫ মিনিটের এ সাক্ষাতে খালেদা জিয়া ইসরায়েলি আগ্রাসনে অবর্ণনীয় দুর্দশায় থাকা গাজার নারী-শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন। রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্র জানিয়েছে, সাক্ষাৎকালে খালেদা জিয়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় খালেদা জিয়া যুদ্ধ বন্ধেরও জোর দাবি জানান।

সাক্ষাৎকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, শহীদ জিয়ার আমলে বাংলাদেশে ফিলিস্তিনের এমবাসির জন্য বিনামূল্যে জমি প্রদান করা হয় এবং খালেদা জিয়ার সরকারের আমলে বিএনপি সরকারের অনুদানে ভবন নির্মাণ করা হয়, যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এনামুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রদূতের কাছে ফিলিস্তিন এবং গাজার অবস্থা সম্পর্কে জানতে চান। বিএনপি চেয়ারপারসন ইসরায়েলিদের গাজা দখল ও ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধ করার জন্য জাতিসংঘ, ওআইসিসহ শান্তিকামী বিশ্বের প্রতি উদাত্ত আহ্বানও জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত