টানা বৃষ্টিতে ঢাকার রাস্তায় জলাবদ্ধতা! বিপাকে নগরবাসী

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ এএম

রাজধানী ঢাকায় টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে শহরের বহু সড়ক পানিতে তলিয়ে গেছে।

এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক রুটে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

রাত একটার পর আকাশে বজ্রগর্জনের মধ্য দিয়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সকাল হলেও বৃষ্টি থামেনি। কখনো মৃদু, কখনো ঝুম বৃষ্টিতে রাজধানীর নিচু এলাকাগুলো অস্থায়ী জলাশয়ে পরিণত হয়। সকাল হতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে জলাবদ্ধতার খবর আসতে শুরু করে।

মিরপুরের কাজীপাড়া ও কালশী, মতিঝিল, বিজয়নগর, মগবাজার, মোহাম্মদপুর, পুরান ঢাকার কিছু অংশ এবং ধানমন্ডি এলাকায় পানি জমে রাস্তায় যান চলাচলে সমস্যা দেখা দেয়।

বেশ কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার পানি জমে বিকল হয়ে পড়ে। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে থাকায় পথচারীদের চলাচলও কঠিন হয়ে যায়।

যদিও আজ সরকারি ছুটি, তবুও সকাল থেকেই অনেকে কাজে কিংবা প্রয়োজনীয় কাজে বের হন। কিন্তু সড়কে পানি জমে থাকায় বাস বা রিকশা পাওয়া কঠিন হয়ে পড়ে।

অনেককে হাঁটতে হয়েছে কাদা-পানির ভেতর দিয়ে। কেউ কেউ আবার পানিতে আটকে পড়ে ঘরে ফিরতে বাধ্য হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত