রাঙ্গামাটিতে নৌকাডুবিতে নিহত ৩, দুই ছাত্র নিখোঁজ

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৫৭ এএম

রাঙ্গামাটির লংগদু ও নানিয়ারচর উপজেলায় গত মঙ্গলবার রাতে পৃথক নৌকাডুবির ঘটনায় তিনজন নিহত ও দুই ছাত্র নিখোঁজ হয়েছেন।

লংগদুতে নৌকাডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নানিয়ারচর উপজেলায় নৌকাডুবির ঘটনায় দুই কলেজছাত্র নিখোঁজ রয়েছেন।

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে শিরিনা বেগমকে জীবিত উদ্ধার করা হয়। সালমা বেগম (৪০), শিশু রানা (৫) ও মাসুমকে (৫) মৃত উদ্ধার করা হয়। তাদের বাড়ি লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকায়।

জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকাটি বাড়ির কাছাকাছি এসে তলিয়ে যায়। লংগদু উপজেলার গুলশাখালী থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযানে নামে। তারা নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করেন। উদ্ধারকাজে সহযোগিতা করেন লংগদু জোনের সদস্যরা।

এদিকে জেলার নানিয়ারচর উপজেলায় দুর্গাপূজার প্রতিমা দর্শন শেষে ফেরার পথে নৌকাডুবিতে দুই কলেজছাত্র নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে প্রবল বাতাসে কাপ্তাই হ্রদের শাখা চেঙ্গী নদীতে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় শনখোলাপাড়া থেকে ছয় কলেজছাত্র দুর্গাপূজার অনুষ্ঠান উপভোগ করতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে আসে। ম-প থেকে ফেরার পথে রাতে তাদের বহনকারী নৌকাটি মহাজনপাড়া এলাকায় তীব্র বাতাসের কবলে পড়ে ডুবে যায়। এ সময় চার ছাত্র সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন ডেলিজেন চাকমা (১৮) ও জিগেশ দেওয়ান (১৮)

সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপম চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে পরিবার ও স্থানীয় লোকজন নিখোঁজ ছাত্রদের উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন জানান, লংগদুতে নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধারকাজ শেষে ডুবুরি দল নানিয়ারচরে নিখোঁজদের উদ্ধারে রওনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত