কৈশোরের অকপটতা আর নির্মল বন্ধুত্বের গল্প

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ এএম

রহস্যময় আমাজন নানা কারণে বিশিষ্ট হয়ে আছে। একদিকে আমাজন নদী যেমন সবচেয়ে বেশি পানি প্রবাহিত হওয়া নদীর নাম, তেমনি অপরদিকে বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বন। প্রায় ষাট লাখ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বনে চল্লিশ হাজারেরও বেশি প্রজাতির গাছপালা, এক হাজার তিনশ প্রজাতির পাখি, চারশর বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর বাস। আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এটি পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ উৎপাদন করে এবং বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। অপরদিকে আমাজন নদীতে বাস করে তিন হাজারেরও বেশি প্রজাতির মিঠা পানির মাছ। এই নদীটি বয়ে গেছে নয়টি দেশের ওপর দিয়ে। এই নয়টি দেশের অর্থনীতি ও সংস্কৃতিতে এই নদীর প্রভাব অনস্বীকার্য। শত শত বছর ধরে আমাজন জঙ্গলে মানুষ অভিযান চালিয়েও যতটুকু জানতে পেরেছে, ধারণা করা হয় আমাজনের প্রাণবৈচিত্র্য তার থেকে বহুগুণে বেশি। সেখানকার অধিবাসীদের জীবনযাপন, বিশ্বাস, সংস্কৃতি, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আধুনিক নগরজীবনে অভ্যস্ত মানুষরা প্রায় কিছুই জানে না। কিন্তু জানার কৌতূহলের কমতি নেই। সেই প্রবল তৃষ্ণা মেটাতে লেখা হয়েছে কল্পকাহিনি, গল্প, উপন্যাস, নির্মিত হয়েছে বহু সিনেমা ও প্রামাণ্যচিত্র। বাংলা কিশোর সাহিত্যে অমরেন্দ্র চক্রবর্তীর আমাজনের জঙ্গলে কিশোর উপন্যাসটি রহস্য রোমাঞ্চ পিপাসু পাঠকের মনে একটি স্বতন্ত্র স্থান দখল করে আছে। কিশোর বয়সে মনের মধ্যে চিন্তা জাগে, নিজের পরিচিত গন্ডির বাইরের জগৎটা কেমন? সেই অচেনাকে চেনা, অজানাকে জানার জন্য কৌতূহলী কিশোর কখনো বেরিয়ে পড়ে বাড়ি থেকে কখনো হাতে তুলে নেয় বই। আর বইটি যদি হয় বাড়ি থেকে বেরিয়ে পড়া নিয়ে, তাহলে তো কথাই নেই। এ ধারার সবচেয়ে জনপ্রিয় বইটির নাম শিবরাম চক্রবর্তীর বাড়ি থেকে পালিয়ে। এই কিশোর উপন্যাসটি প্রথম প্রকাশ হয় ১৯৩৭ সালে, রামধনু পত্রিকায়। গ্রামের এক কিশোর বাড়ি থেকে পালিয়ে আসে মহানগর কলকাতাতে। বাংলা ভাষার আরেকটি রোমাঞ্চধর্মী কিশোর উপযোগী উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। এটিও প্রকাশিত হয় ১৯৩৭ সালে। মফস্বলের এক তরুণ গ্র্যাজুয়েশন পাস করে গ্রামের এক পরিচিতের মাধ্যমে উগান্ডায় চাকরি পায়। এক সাধারণ ভারতবর্ষীয় যুবকের আফ্রিকা জয়ের কাহিনি এটি। তবে চাঁদের পাহাড়ের শঙ্কর বাড়ি থেকে পালিয়ের কাঞ্চনের থেকে বয়সে ঢের বড়। কাঞ্চন স্কুলপড়ুয়া এক কিশোর আর শঙ্কর গ্র্যাজুয়েশন শেষ করা চাকরিরত এক যুবক। এদের অভিযানই সম্ভবত পরবর্তী ধাপে যেতে সাহস জুগিয়েছে আমাজনের জঙ্গলের নায়ককে। আহামরি বয়স তার নয়। দুবছর বাদে মাধ্যমিক দেবে। কিন্তু সাহস করে ঠিকই পৃথিবী দেখতে বেরিয়ে পড়েছে। সুযোগটা সে অর্জন করে নিয়েছে। নিজের দেশের বর্ণনা দিয়ে বন্ধুকে দেশ ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে এক চিঠি লেখার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সে জিতে নেয় কলকাতা থেকে ব্যাংকক, হংকং, টোকিও, লসঅ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, রিও ডি জেনেরো, কোপেনহেগেন, দিল্লি হয়ে আবার কলকাতায় ফেরা প্লেনের টিকিট। দুঃখের ব্যাপার হলো, প্রতিযোগিতায় প্লেনের টিকিট জিতলেও এসব বড় বড় শহরে থাকা, খাওয়া, ঘোরার খরচ অন্তর্ভুক্ত ছিল না। ফলে সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান আমাদের আমাজনের জঙ্গলের নায়ককে সবকিছু বাদ দিয়ে রিও ডি জেনেরোর প্লেনে উঠে বসতে হয়। সব শহরে থাকা-খাওয়া ঘোরার খরচ লাগলেও রিও ডি জেনেরোতে থাকতে তার খরচ লাগছে না, কারণ সেখানে থাকেন তার কাকা, সেখানে তিনি ব্যবসা করেন, থাকেন সমুদ্রের কাছে মস্ত এক বাড়িতে। সেখানে কয়েক দিন ঘোরার পরে কাকা জানান, সে যদি আমাজন ঘুরেফিরে দেখতে চায় তাহলে যেন পরদিন তৈরি থাকে। এই সুযোগ কি আর কেউ ছাড়ে? কাকা আর কাকার বন্ধু গঞ্জালোর সঙ্গে নৌকায় করে বেরিয়ে পড়ল আমাজনের জঙ্গলটা দেখতে। আমাজনের জঙ্গলে বেড়াতে যাবে আর কোনো রোমাঞ্চকর ব্যাপার ঘটবে না তা কি হয়? বানর দল কাঁধের ব্যাগ নিয়ে যাওয়ায় কাকা আর কাকার বন্ধু পিছু নিয়ে হারিয়ে যায় জঙ্গলের ভেতরে। একদিন এক রাত অপেক্ষা করে নৌকার মাঝি যখন আর অপেক্ষা করতে রাজি নয়, তখন বইয়ের এই কেন্দ্রীয় চরিত্র কিশোরের সামনে পথ থাকল দুটো এক. মাঝির সঙ্গে সে ফিরে যেতে পারে, অথবা দুই. কাকাদের সন্ধানে বনের ভেতরে অভিযান চালাতে পারে। কাকাকে ফেলে যেতে রাজি না হওয়ায় তাকে রেখেই মাঝি রওনা দেয় নিজের পথে। সাহসী এই কিশোর পথ চলতে থাকে আমাজনের জঙ্গলে। বেশ কয়েক দিন পথ চলে, খাবার পানীয় শেষ হওয়ার পরে, জঙ্গলে দেখা হয় এক বনবাসী কিশোরের সঙ্গে। শুরু হয় এক নতুন জীবনের। দুটি অচেনা অজানা কিশোর যারা পরস্পরের ভাষা জানে না তারা কীভাবে বন্ধু হলো, বনবাসী কীভাবে ওই কিশোরকে আপন করে নিল, সে আর শহুরে পরিবেশে ফিরে আসতে পারল কিনা, তার কাকা ও কাকার বন্ধু গঞ্জালোর কপালেই বা কী ঘটল এসব জানতে হলে পড়তে হবে অমরেন্দ্র চক্রবর্তীর আমাজনের জঙ্গলে কিশোর উপন্যাসটি। সহজ সরল ভাষায় লেখা এই বইটি তুলে ধরেছে কৈশোরের অকপটতা আর নির্মল বন্ধুত্বের গল্প। পাতায় আঁকা কাহিনি সংশ্লিষ্ট অলংকরণগুলো তোমাকে নিয়ে যাবে আমাজনের গভীর জঙ্গলে। বইটি তোমাদের ভালো না লেগে যায় না!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত