গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০৪ এএম

গাজীপুর মহানগরে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তার ভজেন্দ্র সরকার (৫৫) গাজীপুর মহানগরের সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপের সহসভাপতি।

মামলার বরাতে পুলিশ জানায়, গত বুধবার সকাল থেকে আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজার্চনা চলছিল। এর মধ্যে ভুক্তভোগী শিশুসহ আরও কয়েক শিশু ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে খেলা করছিল। বেলা ১১টার দিকে ভজেন্দ্র সরকার ওই শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে শিশুটির বড় ভাইসহ স্বজন ও স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় শিশুকে উদ্ধার করে। পরে ওইদিন সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন।

ওসি মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত